সম্প্রতি মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ''পাগলা দিওয়ানা'' ছবিটি। এবার পরী মণি ব্যস্ত হয়ে পড়েছেন এস এ হক পরিচালিত ''আরও ভালোবাসবো তোমায়'' ছবির শুটিং নিয়ে।
বিএফডিসিতে সম্প্রতি গানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হলো। এতে তার সঙ্গে অংশ নিয়েছেন ছবিটির নায়ক শাকিব খান। চলতি বছরে বিএফডিসির জহির রায়হান ল্যাবে ১০ ফেব্রুয়ারি আরো ভালোবাসবো তোমায় আবারো একসাথে কাজ শুরু করেন তারা।
এরইমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশকিছু মনোরম লোকেশনে ছবির শুটিং হয়েছে। মাঝে বিরতি ভেঙ্গে ছবির পরিচালক এস এ হক অলিক আবারো শাকিব-পরীকে নিয়ে ছবির শুটিং শুরু করেছেন।
এফডিসিতে মনের দুয়ার খুলে দিলাম হৃদয় ঘুরে আসো, শীতল পাটি বিছিয়ে দিলাম চুপটি করে বসো গানটির শুটিং চলছে। এস এ হক অলিকের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। আর হাবিব-পড়শির গাওয়া মিষ্টি গানটিতে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান-পরী মনি।
এ সম্পর্কে পরী মণি বললেন, ''অলিক ভাইয়ের ছবির গান সব সময়ই ভালো হয়। আশা করছি এই ছবিটিতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। আগের ছবিগুলোর মতো দর্শক নতুন ছবির গানটিও গ্রহণ করবেন।''
উল্লেখ্য,শফিক হাসান পরিচালিত ''ধূমকেতু'' ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক শাকিব খান ও আলোচিত নায়িকা পরী মণি।
ইআর





