সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হওয়ার পর দ্রুত সেরে উঠছেন বলে নিজেই জানিয়েছেন সোনম কাপুর। এছাড়া তার প্রতি ভালবাসা প্রকাশের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হাসপাতাল ছাড়তে পারেন বলেও জানিয়েছেন সোনম।
অভিনেতা-নির্মাতা অনিল কাপুর কন্যা আজ এক টুইটার বার্তায় ভক্তদের নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। সেখানে বলেছেন, ‘আমি এখন খুব ভালো অনুভব করছি। আমার সব শুভাকাঙ্ক্ষীদের জন্য ধন্যবাদ জানাই।’
সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হওয়ার পর গত রবিবার রাজকোট থেকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে স্থানান্তর করা হয়।
একটি সূত্র আইএএনএস’কে জানিয়েছে, সোনম সুস্থ হয়ে উঠছেন এবং আজ হাসপাতাল ছাড়বেন। শুটিংয়ে ফেরার আগে তিনি কিছুদিন বাড়িতে বিশ্রাম নেবেন।
গত সপ্তাহে সোনমের শরীরে সোয়াইন ফ্লু’র ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সে সময় তিনি রাজকোটে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির শুটিং করছিলেন। এখানে সোনমের বিপরীতে আছেন সালমান খান। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
জেআই





