আমির খানের ভক্তরা নিশ্চয়ই শিরোনামটি দেখে নড়েচড়ে বসেছেন! এই খবর পেলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। বলিউডের এই তারকা মনে করছেন, তার ছবির প্রতি মানুষের আগ্রহ কমেছে! আর এমনটা হয়েছে ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠান প্রচারের পর থেকেই।

শিগগিরই ‘সত্যমেভ জয়তে’র তৃতীয় মৌসুমের প্রচার শুরু হচ্ছে। এই অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, ‘অভিনেতা হিসেবে আমার কিছু দায়বদ্ধতাও আছে। সেজন্যই ‘সত্যমেভ জয়তে’র কাজ করা। কিন্তু এই অনুষ্ঠান প্রচারের পর থেকে মনে হচ্ছে আমাকে আর কেউ অভিনেতা হিসেবে দেখতে চান না!’

যোগ করে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘কিছুদিন আগে রাজস্থানে ‘পিকে’ ছবির কাজ করতে গিয়েছিলাম। সেখানে কোনো সাংবাদিকই আমাকে ছবি নিয়ে প্রশ্ন করেননি, সবারই আগ্রহ দেখেছি ‘সত্যমেভ জয়তে’ নিয়ে। মনে হচ্ছে, আমার ছবি নিয়ে লোকের আর আগ্রহ নেই। তাই এখনই অবসর নেওয়ার সময়। ভাগ্য ভালো ‘ধুম থ্রি’ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ছবিটাও ভালো ব্যবসা করেছে।’

‘পিকে’ ছবির পোস্টারে নিজের নগ্ন ছবি নিয়ে আমির বলেন, ‘দর্শক ২৫ বছর ধরে আমার ছবি দেখছে। অভিনেতা হিসেবে দর্শকদের ওপর আমার আস্থা আছে। যারা মামলা করেছে তারা বাদে সবাই আমার সম্পর্কে জানে। আমার ছবিতে কোনো আইটেম গান থাকে না। এমনকি ‘দিল্লি বেলি’ প্রযোজনার সময় এটাকে প্রাপ্তবয়স্কদের ছবি উল্লেখ করেছিলাম। ‘পিকে’ দেখলে সব বুঝতে পারবেন।’

‘সত্যমেভ জয়তে’ প্রচার হবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। স্টার নেটওয়ার্কের পাশাপাশি দূরদর্শন চ্যানেলেও প্রচার হবে অনুষ্ঠানটি। এবার সাধারণ মানুষের পাশাপাশি থাকছে তারকাদের অংশগ্রহণ। এরই মধ্যে দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত ও পরিণীতি চোপড়া একটি পর্বে ‍অংশ নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে আমিরের সঙ্গে আলোচনা করেছেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই