নগরবাউলখ্যাত জেমসের 'পাগলা ভক্ত' প্রিন্স মোহাম্মদের কথা মনে আছে তো? গেলো বছর জেমসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ঢাকার বিভিন্ন জায়গায় ১০টি বিলবোর্ড টাঙিয়ে গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছিলেন প্রিন্স।

২০০০ সাল থেকেই প্রতিবছর জেমসের জন্মদিনে ভিন্ন রকম কিছু করেন প্রিন্স। জেমসও বেশ পছন্দ করেন তার এই ভক্তকে।

এবার এই ভক্তের আমন্ত্রণে কিশোরগঞ্জের হোসেনপুরে একটি কনসার্টে গাইবেন জেমস। বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরের ঢেকিয়া খেলার মাঠে আয়োজন করা হচ্ছে কনসার্ট।

২ বৈশাখ(১৫ এপ্রিল) শুক্রবার বিকেল ৩টায় কনসার্টে গাইবেন জেমস।

এই কনসার্ট উদযাপন কমিটির আহ্বায়ক প্রিন্স মোহাম্মদ বলেন, 'গুরু আমার এলাকায় গাইতে যাচ্ছেন এটা আমার জন্য খুবই আনন্দের।

আমরা সবাই মিলে চেষ্টা করছি ভালোভাবে যেন কনসার্টটি আয়োজন করতে পারি। এরই মধ্যে এলাকায় কনসার্টটি নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।'

প্রিন্স মোহাম্মদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। ঢাকার রাজাবাজারে থাকেন তিনি। পড়শোনা করেছেন কিশোরগঞ্জে। জেমসের প্রতি তার ভালবাসার শুরু ২০০০ সাল থেকে।

এরপর প্রতিবছরই জেমসের জন্মদিনে বন্ধুদের নিয়ে কেক কাটেন। সারাদিন জেমসের গান শুনে কাটান।

প্রিন্স জানান, কিশোরগঞ্জে ২০০২ সালে হোসেনপুর উপজেলা সদরের একটি রাস্তার নামকরণ করেছেন জেমস রোড।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বন্ধুরা মিলে সেই রাস্তাটার নাম দিয়েছি জেমস রোড। আমরা এই নামেই ডাকি।

এসএম