রাঙামাটি ঘুরে এলেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী আর প্রিয়নায়ক ফেরদৌস। চ্যানেল আইর আয়োজনে এই প্রথম কোনো তারকা জুটি একটি ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুদূর কোনো লোকেশনে।

পাহাড়ি কন্যা রাঙামাটির বিভিন্ন মনোরম নৈসর্গিক পটভূমিতে মৌসুমী আর ফেরদৌস কাটিয়েছিলেন পুরো একটি দিন_ সকাল থেকে সন্ধ্যা রাত।

চলচ্চিত্র গ্রাহক জেড এইচ মিন্টুর ক্যামেরায় তারা খোলামেলা কথা বলেছেন তাদের চলার পথের বিভিন্ন ঘটনা, জুটিপ্রথা, সিনেমা জগত আর স্মৃতিজাগানিয়া কিছু বিষয় নিয়ে। সামপ্রতিক সময়ে এই দুই তারকা অভিনীত নতুন কয়েকটি ছবির প্রসঙ্গও স্থান পেয়েছে তাদের আলাপচারিতায়।

আড্ডার ফাঁকে ফাঁকে তারা কথা বলেছেন এইসব নতুন ছবির আনকোরা বেশকিছু গান নিয়ে। কথা, আবৃত্তি, গান, লোকেশন নিয়ে সাজানো মৌসুমী ফেরদৌসের 'একদিন সারাদিন' নামের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইর সাতদিনব্যাপী ঈদ উৎসবে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আবদুর রহমান।

ইআর