এবার শ্রীলঙ্কান সুর ও সংগীতায়োজনে প্রকাশিত হবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গান। সেদেশের জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীতায়োজক ইরাজ ইরারত্নের সুরে গাইবেন তিনি। শ্রীলঙ্কার নৈগর্সিগ পরিবেশেই নির্মিত হবে গানটির মিউজিক ভিডিও। গান রেকর্ডিং ও মিউজিক ভিডিও নির্মাণের উদ্দেশ্য আগামীকাল দেশ ছাড়ছেন আসিফ।
অবশ্য শ্রীলঙ্কার উদ্দেশ্যই দেশ ছাড়ছেন না আসিফ। বিদেশ ভ্রমণের শুরুতেই ১২ জুন মালদ্বীপে একটি কনসার্টে অংশ গ্রহণ করবেন তিনি। সেখান থেকে আগামী ১৩ জুন শ্রীলঙ্কা যাবেন। গানটির রেকর্ডিং শেষ করে ভিডিও নির্মাণ করা হবে কলোম্বোর বিভিন্ন স্থানে। ‘শোক সমাবেশ’ শিরোনামের গানটি লিখেছেন দেশের বিখ্যাত গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘আমার গান শুনে ইরাজ আমার সঙ্গে যোগাযোগ করে এবং কাজ করার আগ্রহ দেখায়। কিছুদিন আগে আমাকে ট্র্যাক পাঠায়। তারপর শিবলী ভাই গান লেখেন। রেকর্ডিংয়ের আগেই গানটি আমার ভালো লেগেছে। আশা করছি গানটি খুবই ভালো হবে। ইরাজের তত্বাবধায়নে শ্রীলঙ্কাতেই গানটির মিউজিক ভিডিও হবে।’
তিনি জানান, গানটি কোন অ্যালবাম কিংবা চলচ্চিত্রের জন্য তৈরি করা হচ্ছেনা। অনলাইনে প্রকাশ করা হবে অডিও ও ভিডিও। প্রায় ৭ দিনের সফর শেষে আগামী ১৭ জুন দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
জেআই





