বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের একটি নাটকে অভিনেতা শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন একটি দৈনিক পত্রিকার সম্পাদক মাহমুদ আলীর চরিত্রে।
তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান এবং পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
একসঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রিচি সোলায়মান ও ইন্তেখাব দিনার। ইরাজ আহমেদের রচনায় ও মোন্তাসির রিপনের পরিচালনায় ‘ডেডলাইন ৭১’ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে।
সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘মুক্তিযুদ্ধের নাটকে আমরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজ করেছি। আশা করছি নাটকে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন।’
রিচি বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে আগেও অভিনয় করেছি। তবে এবারের নাটকটা অনেক বেশি মর্মস্পর্শী। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
ইন্তেখাব দিনার বলেন, ‘কাজটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। ভালো-মন্দ বিচারের ভার দর্শকদের ওপর ছেড়ে দিলাম।’ আসছে বিজয় দিবসে নাটকটি বৈশাখী টিভিতে রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে।
জেএ





