একজন পরিচালক হিসেবেই বেশি পরিচিত বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। তবে ছবি পরিচালনার পাশাপাশি তিনি টুকটাক অভিনয়ও করেন।
১৯৬১ সালে ফতেহ লোহানী নির্মিত তথ্যচিত্র সমাধান-এ প্রথম অভিনয় করেন। এরপর খল-অভিনেতা হিসেবে তিনি অভিনয় করেন সৈয়দ আউয়াল পরিচালিত অন্তরঙ্গ ছবিতে। এরপর বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।
অন্যদিকে মহম্মদ হাননান পরিচালিত রাই বিনোদিনী ছবিতে সুব্রত নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন। এ ছবিতে তার বিপরীতে ছিলেন অঞ্জু ঘোষ। তবে চাষী নজরুল ইসলামের পরিচালিনায় সুব্রত প্রথম অভিনয় করেন শাস্তি ছবিতে। এরপর মেঘের পর মেঘ সহ আরও কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেন। তবে একসাথে একই ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন চাষী নজরুল ইসলাম ও নায়ক সুব্রত।
সায়মন তারিক পরিচালিত মাটির পরী ছবিতে তারা দু জন অভিনয় করছেন। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌমিতা। তার বিপরীতে আছেন সাইমন সাদিক।
বৃহস্পতিবার ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। মৌমিতা এর আগে কালাম কায়সারের পরিচালনায় 'তোমারই আছি তোমারই থাকবো' এবং রাজু চৌধুরীর 'তুই শুধু আমার' ছবিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন। মাটির পরী তার অভিনীত তৃতীয় ছবি। ছবিতে চাষী নজরুল ও সুব্রত দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন।
চাষী নজরুল ইসলাম বলেন, পরিচালক সায়মন তারিক আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই। তার ছবিটির গল্প ভালো তাই কাজটি করছি।
সুব্রত বলেন, সত্যি বলতে কী এই বয়সে কিংবা এই সময়ে চেষ্টা করি ভালো গল্পের ভালো চরিত্রে কাজ করার। তবে চাষী ভাইয়ের সাথে একই ছবিতে কাজ করার ভালোলাগাটা অন্যরকম।
মৌমিতা বলেন, এখানে একেবারেই নতুন আমি। গুনী গুনী শিল্পীদের সাথে কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
পরিচালক সায়মন তারিক জানান, আগামী ১৭ মার্চ থেকে আবারও ছবিটির শুটিং শুরু হবে। এদিকে চাষী নজরুল ইসলাম পরিচালিত ভুল যদি হয় ছবিটি আগামী মে মাসে মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]





