মুম্বাইয়ে এফআইসিসিআই ফ্রেম ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সবার সামনে দক্ষিণী অভিনেতা কমল হাসানের কাছে ক্ষমা চাইলেন আমির খাঁন।

২৫ মার্চ বুধবার ঐ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রবীণ অভিনেতা কমল হাসান এবং আমির খান।

২০১৩ সালে কমল হাসান অভিনীত বিশ্বরোপাম সিনেমা নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। সে সময় একটি অনুষ্ঠানে এ বিষয়ে আমির বলেছিলেন, ‘মানুষ এ সিনেমার বিষয়টি পছন্দ করছে না, আর ‍সিনেমা নিষিদ্ধ নিয়ে বিচার করার কিছু নেই।’

এবার তার সে সময়ের আচরণের জন্য দক্ষিনী এ কিংবদন্তির কাছে ক্ষমা চেয়ে আমির বলেছেন, ‘একই শিল্পে কাজ করার দরুণ আমার উচিৎ ছিল আপনার পাশে দাঁড়ানোর। আমি অত্যান্ত দুঃখিত। আমি সেই সময় কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। সকলের সামনে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার অনেক খারাপ লাগছে যে সে সময় আমরা আপনার পাশে ছিলাম না। একটি সিনেমা নিষিদ্ধ করা কখনই ঠিক নয়।’

কিছুদিন আগে আমির তার পিকে সিনেমা নিয়ে বেশ অসুবিধায় পড়েছিলেন। তার এ সিনেমা নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিলেন কিছু সংগঠন। এ তারকা সেই সময় বলেছিলেন, ‘একটি সিনেমা যখন সার্টিফিকেট পেয়ে যায়, তখন সেটির সব দায় রাষ্ট্রের থাকে এবং জনগণ সিনেমাটি নির্ভয়ে দেখতে পারেন।’

এমকে