মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মোছা. সুরভী বেগম নামে এক নারী এ মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
তিনি আরো বলেন, এর আগে রুবিনা নিঝুম, তার স্বামী রাহূল, শাশুড়ি মহিমা বিবি ও দেবর নান্নু মিঞার বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়াও চেক ডিজঅনারের আরেক মামলায় চার আসামিকে আদালতে হতে সমন জারি রয়েছে। আজকে তৃতীয় মামলায় রাহূলকে একমাত্র আসামি করা হয়।
মামলায় অভিযোগ অনুযায়ী, রাহূল ব্যবসা সম্প্রসারণের কথা বলে সুরভীর কাছে সাড়ে চার লাখ টাকা ধার চান। পূর্বপরিচিত হওয়ায় বাদী তাকে টাকা ধার দেন। গেল ১০ মার্চ টাকার বিপরীতে রাহূল তার বোনের মাধ্যমে সুরভীকে সাড়ে ৪ লাখ টাকার একটি চেক দেন। সুরভী চেকটি নগদায়নের জন্য জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। গত ২০ মার্চ সুরভী রাহূলকে লিগ্যাল নোটিশ পাঠালে তিনি টাকা পরিশোধে কোনো উদ্যোগ নেননি। চেক ডিজঅনারের বিষয়ে তাকে অবগত করলে টাকা ফেরত দেবে বলে জানায়। তবে টাকা ফেরত দেয়নি।
এর আগেও প্রতারণা করে সাড়ে ১২ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৯ জানুয়ারি নায়িকা রুবিনা নিঝুম, তার স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সুরভী বেগম। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে ওইদিন তারা হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর এই চার আসামির বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা করা হয়। আজ রাহূলের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হল।