শুরুটা হয় সঠিক নেতৃত্ব খোঁজার অভিযান দিয়ে। আস্তে আস্তে বদলাতে থাকে দৃশ্যপট। গল্পে ভর করে রক্তারক্তি কাণ্ড। একদম শেষে ‘দেশা’ বলে, এ আমার ঘৃণা ও ভালবাসার গল্প। ‘দেশা’ কে, কিসের ঘৃণা ও ভালবাসা? দর্শকদের মনে এমন প্রশ্ন ছুঁড়ে দেয় সৈকত নাসির পারিচালিত ‘দেশা- দ্য লিডার’ চলচ্চিত্রের টিজার।

১ মিনিট ৫৩ সেকেন্ড ব্যাপ্তির অফিসিয়াল টিজারটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ১০ নভেম্বর। ৮ দিনের মাথায় ওই চ্যানেলে টিজারটি ১২ হাজারের বেশি বার দেখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি পেয়েছে ইতিবাচক রিভিউ। এ ছাড়া নতুন ধরনের পোস্টার ও উপস্থাপনার জন্য ছবিটি প্রথম থেকেই তরুণ দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। টিজারেও তার ব্যতিক্রম হয়নি।

চ্যানেল নাইন্টি নাইনে দেশের পরবর্তী নেতা খোঁজার জন্য আয়োজিত এক রিয়েলিটি শোকে ঘিরে এ চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়, যা বলে দেয় ছবিটি গতানুগতিক ধারার চেয়ে খানিকটা আলাদা। নানা ধরনের সাসপেন্স দৃশ্য দেখা গেছে টিজারটিতে। ভাঙচুর, দুর্ঘটনা, মৃত্যু কী নেই? বেশ রাগী ভূমিকায় দেখা গেছে ‘দেশা’ চরিত্রের শিপনকে। সাংবাদিক চরিত্রে মাহিকে নতুন ধরনের গেটআপে দেখা গেছে। টিজারটিতে অভিনয়ে মাহিকে আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। ভিন্ন ভিন্ন অভিব্যক্তির কারণে বোঝাই যাচ্ছে, শক্তিমান অভিনেতা তারিক আনাম খান এ ছবির অন্যতম প্রধান চালিকাশক্তি।

ভায়োলেন্সে ভরা টিজারটির মাধ্যমে বোঝা যায়, ছবিতে দেশপ্রেম গুরুত্ব পেয়েছে। তেমন মেসেজও রয়েছে এতে। এ ছাড়া ছবিটি মুক্তি পাচ্ছে বিজয়ের মাস ডিসেম্বরে। উল্লেখ্যযোগ্য বিষয় হলো- টিজারে কোনো ধরনের গানের অংশ দেখা যায়নি। একটি নির্দিষ্ট থিম নিয়ে টিজারটি নির্মিত হয়েছে, যার কারণে এটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে।

পরিচালক সৈকত নাসির এবং মডেল ও অভিনেতা শিপনের প্রথম ছবি এটি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন- নবাগত শিপন মিত্র, মাহিয়া মাহি, তারেক আনাম খান, শিমুল খান ও টাইগার রবিসহ অনেকে। সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কিশোর। এতে একটি গান লিখেছেন ছবির নায়িকা মাহিয়া মাহি। অন্য গানগুলো লিখেছেন- আহমেদ ইমতিয়াজ বুলবুল, রবিউল ইসলাম জীবন, শফিক তুহিন ও সোমেশ্বর আলী। চিত্রগ্রহণে চন্দন চৌধুরী ও সাহেল রনি।

জেআই