আবারও বড় পর্দায় আসছেন ''ম্যাডাম ফুলি''। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। আর এই ছবিটির মধ্য দিয়েই বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা।
নিজের অভিনীত প্রথম ছবিতে সফলতার স্বাদ পাবার সাথে সাথে এই ছবিতে ''ম্যাডাম ফুলি'' চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন এই চিত্রনায়িকা। নতুন খবর হলো ১৬ বছর পর আবারও দর্শকদের সামনে ''ম্যাডাম ফুলি'' হিসেবে আসার প্রস্তুতি নিচ্ছেন শিমলা !
তরুণ-মেধাবী পরিচালক আশিকুর রহমানের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ছবিটির সিক্যুয়েল ''ম্যাডাম ফুলি -২''। আর এই ছবিটিতে ''ম্যাডাম ফুলি''র চরিত্রে অভিনয় করবেন সেই শিমলাই। এরইমধ্যে ছবিটিতে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন শিমলা। যা নিশ্চিত করেছেন শিমলা নিজেই।
এ প্রসঙ্গে আরো জানা গেছে, ছবিটির প্রথম নির্মাতা শহীদুল ইসলাম খোকনের কাছ থেকে এই সিক্যুয়েল ছবিটির নির্মাণের ব্যাপারে এরইমধ্যে অনুমতিও নিয়েছেন আশিকুর রহমান। এখন চলছে ছবিটির পূর্ণাঙ্গ পান্ডুলিপির কাজ। সব কিছু ঠিক থাকলে এ বছরেই শুরু হবে ছবিটির শুটিং।
ইআর





