রাজধানীর বসুন্ধরা সিটি শাপিংমলে স্টার সিনেপ্লেক্স শাখাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, “বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি যে বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। বাড়িওয়ালা যদি নোটিশ দেন চলে যাওয়ার জন্য তাহলে তো ভাড়াটিয়ার আসলে কিছু করার থাকে না। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।”
তিনি বলেন, “বসুন্ধরা সিটি দিয়েই আমরা যাত্রা করেছিলাম। ১৮টি বছর কেটেছে এখানে। দেশ-বিদেশের অনেক বড় বড় তারকা, গুণী মানুষেরা এখানে পা রেখেছেন। চলচ্চিত্র সাংবাদিকরা এই আঙিনাটি মুখরিত করে রাখতেন আড্ডায়। অনেক অনেক স্মৃতি আসলে।”
মেসবাহ উদ্দীন আরও বলেন, “দেশের মানুষ সিনেপ্লেক্স বলতেই এই শপিংমলের স্টার সিনেপ্লেক্সকে বুঝতো। এমন একটি ভালোবাসার ঠিকানা বদলে ফেলা আমাদের জন্যও খুব কষ্টের এবং আবেগের। কিন্তু কিছু তো আসলে করার নেই।”
বসুন্ধরা সিটিতে প্রথম যাত্রা করলেও পরে জিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা চালু হয়। পর্যায়ক্রমে সারাদেশে শতাধিক সিনেপ্লেক্স করারও ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
কিছুদিন সরকারের কাছে একাধিক দাবি রেখে সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, করোনা পরিস্থিতিতে সরকার থেকে সাহায্য না পেলে মাল্টিপ্লেক্স চেইনটির কার্যকর্ম চালু রাখা সম্ভব হবে না।
এমবি





