দক্ষ অভিনেত্রী জয়া আহসানের তার মূল ব্যস্ততা এখন চলচ্চিত্রকে ঘিরে। ঢালিউড এবং টালিউড উভয় জায়গাই ব্যস্ত তিনি। এ অবস্থায় তিনি জানালেন, তৃতীয় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতেও দেখা যাবে তাকে। অর্থাৎ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী থ্রি ছবিতে অভিনয় করবেন তিনি।
শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে জয়া অভিনীত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু। এ উপলক্ষে গত সোমবার বিএফডিসিতে প্রকাশ হয়েছে ছবিটির অডিও অ্যালবাম। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছবিটির নির্মাতা সাফিউদ্দিন সাফি ঘোষণা দিলেন এই ছবিটির পরবর্তী সিক্যুয়েল নির্মাণের। এবং সিক্যুয়েলের পরবর্তী ছবিতে অভিনয়ের ব্যাপারে জয়ার সাথে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ছবিতে অভিনয়ে তার বিষয়টি ছাড়া আর কারো অভিনয়ের ব্যাপারটি এখনো চূড়ান্ত নয় বলে জানান এই নির্মাতা।
অনুষ্ঠানে উপস্থিত জয়া আহসান পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী থ্রি’তে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘রুম্মানের লেখার হাত চমৎকার। আর সাফিউদ্দিন সাফির পরিচালনায় ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তাই ছবির পরবর্তী অংশে যখন প্রস্তাব করা হলো তখন সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছি।’
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ছবিটি নিখাদ রোমান্টিক হলেও দ্বিতীয় ছবিতে যুক্ত হয়েছে ক্রিকেট আবহ। তবে এ সিরিজ ছবির পরবর্তী ছবির গল্প কেমন হবে তা এখনই বলতে নারাজ ছবির কাহিনী, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা রুম্মান রশীদ খান কিংবা পরিচালক সাফিউদ্দিন সাফি।
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ ছবিতে একজন ক্রিকেটারের প্রেমে পড়েন জয়া আহসান, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিতে ক্রিকেটারের প্রেমে পড়ার বিষয়টি বুঝতে হলে ছবি দেখতে হবে। সত্যি বলতে এমন প্রেমের গল্প সাধারণত দেখা যায় না। ইউজুয়ালি এ ধরনের গল্প নিয়ে ছবি হয়নি এখানে। বেশ মৌলিক গল্প। রুম্মান রশীদ খানের লেখা এই গল্পে বেশ নতুনত্ব আছে। দুই গ্ল্যামার পেশার দু’জনকে নিয়ে এমন প্রেমের গল্প দেখা যায় না। আসলে দিন শেষে দর্শক মৌলিক গল্পটাই খোঁজে। সে জায়গা থেকে দর্শক খুবই আনন্দ পাবে ছবিটি দেখে।’
এমআইএস।





