স্টুডিওতে মন খারাপ করে বসে আছেন ইমরান। প্রিয় মানুষের দেয়া উপহারটি হাতে নিয়ে স্মৃতির মাঝে ডুবে আছেন তিনি। জলরাশিতে ফেঁপে উঠছে তার দু’টি চোখ। আর্তনাদ করে প্রিয় মানুষকে নিজের জীবনে ফিরে আসতে বলছেন এই কণ্ঠশিল্পী। প্রিয় মানুষটি ছাড়া বেঁচে থাকার যেন কোনো অর্থই খুঁজে পাচ্ছেন না তিনি।
সম্প্রতি প্রকাশিত হওয়া ‘ফিরে আসনা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে এভাবেই নিজেকে উপস্থাপন করেছেন কণ্ঠশিল্পী ইমরান। স্নেহাশীষ ঘোষের লেখা এই গানটি ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের অ্যালবামে থাকছে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘ফিরে আসনা’ গানটি অ্যালবাম প্রকাশের আগে যাদের শুনিয়েছি সবার কাছেই প্রথমবার শুনেই ভালো লেগেছে। তাই ঈদের আগে শ্রোতাদের জন্য এই গানটির একটি প্রমোশনাল ভিডিও উপহার দিলাম। খুব শিগগিরি এর অফিশিয়াল মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।’
গত ১৪ জুলাই মোড়ক উন্মোচন হয় ইমরানের তৃতীয় একক অ্যালবামের। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেরদৌস ওয়াহিদ, বাপ্পা মজুমদার, জয় শাহরিয়ার, কিশোর, তানজিন তিশা, শবনম ফারিয়াসহ আরো অনেকে।
১৪টি গান দিয়ে সাজানো হয়েছে ইমরানের তৃতীয় একক অ্যালবাম। অ্যালবামের বিভিন্ন গানের কথা লিখেছেন শফিক তুহিন, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, জনি হক, ফয়সাল রাব্বিকিন, তারেক আনন্দ, ইয়াসমিন করিম এবং স্নেহাশীষ ঘোষ। সব গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। অ্যালবামের টাইটেল ট্রাকটি প্রকাশিত হয় এ বছরের শুরুর দিকে। গানটি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।
ইআর





