২০১২ সালে বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী কবরী অভিনীত সর্বশেষ ছবি ‘রাজা সূর্য খা’ মুক্তি পায়।
এরপর আর কোনো ছবিতে তিনি অভিনয় করেননি। পাঁচ বছর পর এবার ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনা ও রবিন খানের পরিচালনায় ‘মন দেব মন নেব’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক রবিন খান।
তিনি মানবজমিনকে বলেন, দীর্ঘদিন কবরী আপা চলচ্চিত্রে অভিনয় করেননি। তবে এবার আমার ছবিতে ১লা অক্টোবর থেকে অভিনয় করবেন তিনি। মঙ্গলবার তাকে এ ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন কবরী।
লালমনিরহাটে এ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। সেখানে ১০ থেকে ১২ দিন শুটিং করার কথা রয়েছে আমাদের। আশা করি, দর্শক এ ছবিটি পছন্দ করবেন। প্রসঙ্গত, ‘মন দেব মন নেব’ ছবিতে নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করছেন শিবলী নওমান ও মাহি। ছবির গল্প কবরী, শিবলী আর মাহিকে ঘিরে আবর্তিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
২৫শে সেপ্টেম্বর থেকে রংপুরে এ ছবির শুটিং শুরু হবে। গুণী অভিনেত্রী কবরী যোগ দেবেন আগামী ১লা অক্টোবর। রবিন খান এর আগে নাটক ও টেলিছবি তৈরি করেছেন। এবারই প্রথম চলচ্চিত্র পরিচালনা করছেন। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি।
ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সম্প্রতি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এই ছবির মহরত করা হয়।
এ এস





