রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে প্রদর্শন শুরু হবে ভারত থেকে আমদানিকৃত ছবি ‘রোয়ারঃ টাইগার অব দ্য সুন্দরবন’। সন্ধ্যা ৬:৪৫ এ ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।
এতে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে পরিচালক আশীষ রিজভি তুলে ধরতে চেয়েছেন প্রকৃতি আর মানুষের সম্পর্ক এবং তাদের মধ্যে ক্ষমতার লড়াই।
বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। এর আগে মঙ্গলবার আশুরার ছুটিতে সেন্সর বোর্ডের নিয়ম ভঙ্গ করে সেন্সর শো হয়। এই নিয়ে সেন্সর বোর্ডের কিছু সদস্য আপত্তি জানালেও শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় সেন্সর বোর্ড সেন্সর সনদপত্র দেয় ছবিটিকে।
ছবিটি বাংলা ভাষায় ভাষান্তর করে প্রদর্শিত হবে। ২০১২-১৫ আমদানি নীতি অনুযায়ী ছবিটি এদেশে এনেছে শো-মোশন পিকচার্স।
২০১২-১৫ আমদানি নীতি অনুযায়ী সাফটাভুক্ত দেশে একটি বাংলা ছবি রফতানি করতে পারলে সাফটাভুক্ত একটি দেশের ছবি এদেশে আমদানি করা যাবে। আর এদেশে সেই বিদেশি ছবিটি প্রদর্শন করতে গেলে অবশ্যই বাংলা ছবিটিও সেই দেশে প্রদর্শিত হতে হবে।
এই নীতির আওতায় ভারতের ওয়েগ এন্টারটেইনমেন্ট এডাম দৌলা পরিচালিত বাংলাদেশের বৈষম্য ছবিটি আমদানী করে এবং রোয়ার, টাইগার অব দ্য সুন্দরবন ছবিটি বাংলাদেশে আমদানি করে শো-মোশন পিকচার্স।
জানা গেছে বৈষম্য ছবিটি শুক্রবার মুম্বাইয়ের রাতানাগিরির আনান্দ চিত্রা মন্দির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রোয়ার, টাইগার অব দ্য সুন্দরবন ছবিটিকে সেন্সর সাটিফিকেট দেয় সেন্সর বোর্ড।
জেআই





