জনপ্রিয় মডেল-চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এখন কলকাতায় ব্যস্ত কলকাতার রাজাচন্দ্র এবং ঢাকার কামাল মো. কিবরিয়া লিপু পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ''ব্ল্যাক'' এর শুটিং নিয়ে। এরইমধ্যে ছবিটির শুটিং এর কাজ অনেকখানি শেষ হয়ে গেছে।
ছবিটিতে মিম অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের বিপরীতে। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন বলিউড এর শক্তিমান অভিনেতা আশীষ বির্দার্থী ও কলকাতার রজতাভ দত্ত সহ আরও অনেকে। এদিকে এই ছবির নতুন খবর হলো আসছে ৩১আগস্ট এই ছবিটির গানের শুটিং এর জন্য শ্রীলংকা যাচ্ছেন মিম ও ছবিটির পুরো টিম।
ছবিটির অন্যতম পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছেন,দর্শকদের ভিন্নতার স্বাদ দেবার লক্ষেই তাদের এই উদ্যোগ। আগামী ১সেপ্টেম্বর থেকে শ্রীলংকায় ছবিটির গানের শুটিং শুরু হয়ে তা চলে টানা প্রায় এক সপ্তাহ পর্যন্ত। আসছে কোরবানী ঈদেই ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এদিকে ছবিটির নাম জটিলতা এখনো কাটেনি। একবারে শুরুতে ছবিটির নাম রাখা হয়েছিল ''বুলেট''। পরবর্তীতে তা বদলে রাখা হয় ''রকেট''। কিন্তু এখন এই নামটি নিয়েও জটিলতা দেখা যাবার কারণে ছবিটির নতুন নাম রাখা হয়েছে ''ব্ল্যাক''। তবে জানা গেছে এই নামটিও শেষ পর্যন্ত রাখা হবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছেন ছবিটির নির্মাতারা !
ইআর





