তানিয়া আহমেদের পরিচালনায় ‘গুড মর্নিং লন্ডন’ ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে লন্ডনে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এতে অভিনয় করছেন তারিক আনাম খান, মীর সাব্বির, বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, তানজিকা, মিশু সাব্বির এবং ব্রিটিশ অভিনেতা রবার্ট ইয়াং। দৃশ্যধারণের বেশকিছু ছবি তারা ফেসবুকে পোস্ট করেছেন।

ছবিটি নিয়ে মিম বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম ঐশি। চরিত্রটি বৈচিত্র্যময়। কারণ শুরুতে আমাকে সাজ্জাদের স্ত্রী হিসেবে দেখা যাবে। আবার এক দুর্ঘটনায় আমি সবকিছু ভুলে যাই এবং কেন্ট নামে এক বিদেশী ছেলের প্রেমে পড়ি। লন্ডনে কাজ করতে ভালোই লাগছে।’

ছবিটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। তার চরিত্রের নাম ইমতিয়াজ। ঐশি তারই মেয়ে। ইরফান সাজ্জাদ তার চরিত্র নিয়ে ই-মেইলে বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও সাজ্জাদ। ইমতিয়াজ সাহেবের একমাত্র মেয়ে ঐশিকে স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করে সে।’

এ ছবির আরও তিন অভিনয়শিল্পী মীর সাব্বির, মিশু সাব্বির ও তানজিকা। মীর সাব্বির ও মিশু সাব্বির লন্ডনে যায় র্যা ম্প মডেল তানজিকাকে খুন করার জন্য। এখানে মীর সাব্বিরকে মেহতাব আর মিশু সাব্বিরকে স্বনামে অভিনয় করতে দেখা যাবে।

তানজিকা এ ছবিতে একজন র্যােম্প মডেল হিসেবে অভিনয় করছেন। তার চরিত্র নিয়ে জানতে চাইলে তিনি জানান, ‘এখানে আমার চরিত্রের নাম মিথিলা। ফ্যাশন শোর নামে ইমতিয়াজ সাহেবের কাছে আমাকে বিক্রি করে দেয়া হয়। এরপর নানা নির্যাতনের শিকার হই আমি।’

ইংল্যান্ডের শহর ক্যান্টারবুরির একটি বাংলোতে রয়েছেন ‘গুড মর্নিং লন্ডন’ ছবির তারকারা। নির্মাতা তানিয়া আহমেদ বিদেশি ক্রুর সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। টানা ২০ দিন এ ছবির কাজ শেষে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই