নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু ‘গহীনে শব্দ' ও 'জোনাকির আলো'র পর এবার স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করছেন। ছবির নাম 'ডেড হ্যান্ডস রাইজিং'। আর এতে একটি ইংরেজি গান গাইলেন মার্কিন কণ্ঠশিল্পী সারা মিলার।

'উই ওয়ান্স আপন অ্যা টাইম/আই অ্যান্ড হ্যান্ডস/ইন ইউর মানি...' কথার গানটি লিখেছেন সেতারা জাবিন আহম্মেদ। গতকাল বিকেলে রাজধানীর ই-কিউ স্টুডিওতে সারা মিলারের কণ্ঠ ধারণ করা হয়।

তাকে দিয়ে গাওয়ানো প্রসঙ্গে খালিদ মাহমুদ মিঠু বলেন, 'আমার একটা বিদেশি কণ্ঠ দরকার ছিল। হঠাৎ তার গান শুনে ভালো লেগেছে। তাই তাকে নির্বাচন করি।'

গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শফিক তুহিন। জানা গেছে নিরীক্ষাধর্মী এই ছবিটির দৈর্ঘ্য ১৮ মিনিট। আগামী ৯ জুন এর শেষ দিনের দৃশ্যায়ন হবে। অবশ্য অন্যান্য দৃশ্যের সস্পাদনা এবং আবহসংগীতের কাজ হয়ে গেছে।

মিঠু আরও জানালেন, 'দুই সপ্তাহের মধ্যে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। ইতিমধ্যে ছবিটির রাফকাট আর্ন্তজাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে। এ ধরনের কাজ বাংলাদেশে আগে হয়নি। এখানে কোনো সংলাপ নেই।' 'ডেড হ্যান্ডস রাইজিং' প্রযোজনা করেছে আর্য চলচ্চিত্র ফাউন্ডেশন।

ইআর