নিহত অভিনেত্রী প্রত্যুষার প্রেমিক জেরার সময় অসুস্থ হয়ে পড়েছেন। দু’দিন আগেই নিজের বাড়ি থেকে মেলে ভারতের টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। তার মৃত্যুতে ক্রমশ জট পাকাচ্ছে রহস্য।

ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তার প্রেমিক রাহুল রাজ সিংকে। সোমবার জেরা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাহুল।

পুলিশ জানিয়েছে, এ দিন জেরার সময় হঠাৎই বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলেন রাহুল। কান্দিভলীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

রাহুলের আইনজীবী নীরজ গুপ্ত জানান, প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছেন রাহুল। প্রত্যুষার বাবা-মা রাহুলের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। তবে রাহুলের বাবা হর্ষবর্ধন সিং সরাসরি তোপ দেগেছেন প্রত্যুষার বাবা-মার বিরুদ্ধে।

তার বক্তব্য, টাকাপয়সা নিয়ে বাবা-মার সঙ্গে প্রত্যুষার সমস্যা ছিল। এ নিয়ে বাবা-মার বিরুদ্ধে মামলা করার কথাও রাহুলের বাড়িতে জানিয়েছিলেন প্রত্যুষা।

প্রত্যুষার নিজের কোনও ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। বাবা-মার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। বাবা-মার জন্য ৫০ লাখ টাকা ধার করতেও বাধ্য হয়েছিলেন। সব মিলিয়ে আর্থিক সমস্যায় ছিলেন তিনি।

এদিকে প্রত্যুষার বন্ধু ও অভিনেত্রী সারা খানের দাবি, আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। বারবার রাহুলকে বিয়ে করার কথা বলত প্রত্যুষা।

মাঝেমধ্যে সিঁদুরও পরতে দেখা গিয়েছে প্রত্যুষাকে। তবে দু’জনের সম্পর্কে টানাপড়েনও চলছিল।

একাংশের দাবি, খুনই করা হয়েছে প্রত্যুষাকে। খতিয়ে দেখা হচ্ছে প্রত্যুষা ও রাহুলের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টও।

ময়নাতদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, প্রত্যুষার ঘাড়ে ফাঁসের চিহ্ন রয়েছে। এর থেকে অনুমান, ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে প্রত্যুষার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


এসএম