যতদূর চোখ যায় রানওয়ে। একপাশে সাদা হেলিকপ্টার। পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল বিদ্যা সিনহা মিম। ভেতরে বসে হাসিমুখে দেখাচ্ছেন ভি-চিহ্ন। সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’ ছবির কাজ করতে মিম এখন লন্ডনে। একটি দৃশ্যের প্রয়োজনে হেলিকপ্টারে উঠতে হলো তাকে।
এ আকাশযানে মিম আগেও চড়েছিলেন। গত বছর মিজানুর রহমান আরিয়ানের ‘ট্রাম্পকার্ড’ টেলিছবিতে কাজ করতে গিয়ে প্রথমবার হেলিকপ্টারে উঠেছিলেন তিনি। এবার যেমন স্বচ্ছন্দে হেলিকপ্টারে চড়তে দেখা গেলো মিমকে, গতবার কিন্তু তেমনটা ছিলো না। মনে বেশ ভয় ছিলো।
‘গুডমর্নিং লন্ডন’ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। গানের সুর ও সংগীত পরিচালনা করছেন এসআই টুটুল। ছবিটিতে মিমের পাশাপাশি অভিনয় করছেন তারিক আনাম খান, তানজিকা, আসিফ, মিশু সাব্বির, ইরফান সাজ্জাদ প্রমুখ। লন্ডনে টানা ২০ দিন কাজ শেষে দেশে ফিরবেন কুলাকুশলীরা।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





