ফেসবুক ও ইমেলে প্রথম স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।

বৃস্পতিবার তাকে আদালতে এনে মামলা তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপ পরিদশক আবুল কালাম আজাদ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অন্যদিকে, ইমনের আইনজীবী মোহাম্মদ আলী জামিনে আবেদন করেন।

এর আগে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করে রমনা থানার পুলিশ।

মামলার এজহার থেকে জানা যায়, সাবেক স্ত্রী জিনাত কবির তিথির আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ইমন। এর পর তার (তিথি) ই-মেইলেও ছবি পাঠান।

এ সব অভিযোগ এনে গত ১৮ আগস্ট ইমনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে তিথি রমনা থানায় এ মামলা দায়ের করেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই