কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবার দেশাত্মবোধক গানের অ্যালবাম নিয়ে আসছেন। ইতিমধ্যে এই অ্যালবামের জন্য তিনি বেশ কিছু গান নির্বাচন করেছেন। পাশাপাশি কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। এতে ১০-১২টি গান থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘দেশের গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সঙ্গীত ক্যারিয়ারে অসংখ্য দেশের গানে কণ্ঠ দিয়েছি। এছাড়া শ্রোতারা আমার কণ্ঠে দেশের গান শুনতে অনেক আগ্রহ দেখায়। তাই এ ধরনের গানের একটি অ্যালবাম করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই ছিল। কিন্তু নানা কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছিল না। আর বিলম্ব নয়, কাজ শুরু করে দিয়েছি। আশা করি শিগগিরই অ্যালবামটির কাজ শেষ করতে পারব।’
কিছুদিন আগে ইমপ্রেস অডিও ভিশন থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘হৃদয়ে লালন সাঁই’ নামের লালন সঙ্গীতের একটি অ্যালবাম প্রকাশ হয়েছে। ইতিমধ্যে অ্যালবামটির সবগুলো গানই শ্রোতামহলে বেশ প্রশংসিত হচ্ছে। এছাড়াও এ শিল্পী তার কণ্ঠে ধারণ করা আশির দশকের জনপ্রিয় গানগুলো নিয়ে একটি সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলেও জানা গেছে।
এমবিএইচ





