অশ্লীল দৃশ্য, রাজনৈতিক সংলাপ এবং অ্যাকশন দৃশ্য বেশি থাকার কারণে সেন্সর বোর্ডে আটকে পড়েছে রকিবুল আলম রকিব পরিচালিত এবং জায়েদ খান, পরীমনি অভিনিত 'নগর মাস্তান' চলচ্চিত্রটি।

সেন্সর বোর্ডের এক সূত্র জানান, ‘নগর মাস্তান সিনেমায় অ্যাকশন দৃশ্য অনেক বেশি দেখানো হয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে বেমানান। এ সিনেমায় কয়েকটি দৃশ্যে রাজনৈতিক সংলাপ রয়েছে পাশাপাশি পুলিশবাহিনীকে ছোট করা হয়েছে। এছাড়াও কয়েকটি অশ্লীল দৃশ্যের কারণে সেন্সর বোর্ডে আটকে আছে এ চলচ্চিত্রটি। তবে এসব দৃশ্য বাদ দিয়ে সেন্সরবোর্ডে জমা দিলে সেন্সর ছাড়পত্র দেয়া হবে।’

এ সিনেমাটির পরিচালক রকিবুল আলম রকিব অশ্লীলতার বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ‘সিনেমায় গোলাগুলি একটু বেশি দেখানো হয়েছে তাই এটি সেন্সরে আটকে আছে। আমরা এসব দৃশ্যগুলো বাদ দিয়ে নতুন করে শুটিং করে সেন্সরে জমা দিবো।’

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরিয়াজ, জায়েদ খান, পরীমনি, তিতান চৌধুরী। এছাড়া আরও অভিনয় করেন মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি ও তিতান চৌধুরীসহ আরো অনেকে।
গত বছরের ২১ আগস্ট বিএফডিসির এক নম্বর ফ্লোরে এ সিনেমাটির মহরতের মাধ্যমে সিনেমার শুটিং শুরু হয়।

এফ আর-এর ব্যানারে নির্মিত নগর মাস্তান সিনেমায় গান থাকছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, আরফিন রুমি, নওমি ও রাজিব।

ইআর