এবার শপথ নিলেন শাকিব খান এবং তার সহযাত্রীরা। গত ৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পুনরায় শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সতন্ত্রপ্রার্থী অমিত হাসান।
শনিবার বিকালে নির্বাচিত পরিষদের শপথ পাঠ সম্পন্ন হয়।
বিএফডিসির ভিআইপি লাউঞ্জে সভাপতি শাকিব খানকে শপথ পাঠ করান শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মিজু আহমেদ।
এরপর শাকিব খান নব নির্বাচিত পরিষদের সকল সদস্যকে শপথ পাঠ করান।
এ সময় এখানে সভাপতি শাকিব খান সাধারণ সম্পাদক অমিত হাসানসহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওমর সানী ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শানু শিবা, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য আমির সিরাজী, আলীরাজ, আমীর, আফজাল শরীফ, বেগম জেসমিন, ফরহাদ, মৌসুমী, রকিব খান, শহীদুল আলম সাচ্চু, সুশান্ত ও ববি।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান, মিজু আহমেদ, নাজমুল হুদা মিন্টু, শহিদুল হারুনসহ আরও অনেকে।
শপথ পাঠ অনুষ্ঠানে মিজু আহমেদ তার বক্তব্যে বলেন, ‘আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে শিল্পী সমিতির নির্বাচন শেষ করেছি। আশা করব যারা নির্বাচিত হয়েছেন তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের জন্য কাজ করে যাবেন।’
শাকিব খান বলেন, ‘আমরা যেই ভাবে শিল্পীদের উন্নয়নে কাজ করে যাচ্ছিলাম সেই ধারাবাহিকতা বজায় রেখেই সামনের দিকে এগিয়ে যাব। সুবিধা বঞ্চিত শিল্পীদের সহযোগীতা করে যাব। তাদের জন্য একটা বড় অংকের ফান্ড তৈরি করব।’
মিশা সওদাগরকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। অনুষ্ঠানে অমিত হাসান তার বক্তব্যে বলেন, ‘শিল্পী সমিতির বন্ধুরা আমার কাঁধে যে দায়িত্ব অর্পন করেছেন আমি তা সঠিকভাবে পালন করার সর্বাত্বক চেষ্টা করব। সেই সঙ্গে আশা করব সবার সহযোগিতা পাব। নির্বাচনের নিয়ম অনুযায়ী আমরা একে অপরের প্রতিদ্বিন্দিতা করেছি। নির্বাচন সম্পন্ন হয়েছে এখন আমরা সবাই মিলে মিশে শিল্পীদের উন্নয়নের কাজ করব। প্রক্তন সাধারণ সম্পাদক মিশা সওদাগর পাশে থাকার আহ্বান জানালেন অমিত।
অন্যদিকে অমিতকে অভিনন্দন জানিয়েছেন মিশা। শপথ পাঠ শেষে দেখা গেল অমিত আর মিশা সওদাগর কোলাকুলি করছেন।
এমকে





