প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রীকে চড় থপ্পড় দিয়ে লাঞ্চিত ও যৌন হয়রানি করেছে এক যুবক। এ ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকতার বরাবর অভিযোগ দিয়েছেন কলেজ ছাত্রী।
মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারায়নপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
উপজেলার নারায়নপুর গ্রামের আনু মিয়ার মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী জানান, একই গ্রামের আবু মিয়ার ছেলে শাহীন মিয়া প্রায় ৬/৭ মাস যাবত তার বান্ধবীদের কাছে তার মোবাইল নাম্বার চাইছিল। কিন্তু সে তার বান্ধবীদের মোবাইল নাম্বার না দিতে বলে দেয়। এরপর ওই যুবক বিভিন্ন ভাবে তাকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু সে তাকে পাত্তা দিত না।
মঙ্গলবার সকালে কলেজে আসার সময় শাহিন তার পথ রোধ করে দাড়ায় এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। এবারও সে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় শাহিন তাকে চড় থাপ্পড় মারতে শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দেয়।
কলেজে এসে এ ঘটনা জানালে কলেজের অধ্যাপক পংকজ রায় ছাত্রীকে নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।
সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যাপক পংকজ কুমার রায় কে দিয়ে ছাত্রীটিকে উপজেলা নিবার্হী কর্মকতার কাছে পাঠানো হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তাকে একটি লিখিতত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন কলেজ ছাত্রীকে লাঞ্চিত করার অভিযোগে একটি লিখিত দরখাস্ত পেয়েছি। অভিযুক্ত যুবক কে ধরার জন্য পুলিশ কে নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে নিয়মিত মামলা হবে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





