‘অগ্নি’র ব্যবসায়িক সাফল্যের পর এবার এর সিকুয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। ‘অগ্নি ২’ -এর কেন্দ্রীয় চরিত্রে এবারও থাকছেন মাহিয়া মাহি। প্রথম সিনেমার নায়ক আরেফিন শুভকে দেখা যাবে না এই সিনেমায়।
পরিচালক ইফতেখার চৌধুরী জানান, এবার মাহির বিপরীতে নতুন এক নায়ককে দেখা যাবে। তবে কে সেই নায়ক তা এখনও চূড়ান্ত হয়নি।
ইফতেখার আরও জানান, প্রথম সিনেমার কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘অগ্নি-২’ এর গল্প। ‘অগ্নি’র শেষ দৃশ্যে ড্রাগন ও তানিশার ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন কি সত্যি হল কি না, তা জানা যাবে এ পর্বে এসে। ‘তানিশা’ চরিত্রে মাহিয়া মাহিকে এবার আরও বেশি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।
‘অগ্নি-২’সিনেমার চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ইফতেখার বলেন, “ এবারের সিনেমাটি মৌলিক সিনেমা হবে। এতে বিদেশী সিনেমার কাহিনি, গল্প বা অ্যাকশন দৃশ্য যেন না থাকে সে ব্যাপারে আমি খুব সতর্ক। আমি গ্যারান্টি দিতে পারি দর্শক এতে কোনো কিছুই নকল পাবে না। বাবু এ সময়ের সেরা চিত্রনাট্যকারদের একজন। তাকে পইপই করে বলে দিয়েছি, কোনো নকল যেন না হয়।”
ইফতেখার আরও জানান, ‘অগ্নি-২’ সিনেমার শুটিং শুরু হবে ২০১৫ সালের জানুয়ারিতে। সিনেমায় খলচরিত্রে থাকছেন তারিক আনাম। এছাড়া বাকি চরিত্রগুলো এখনও চূড়ান্ত হয়নি।
ইফতেখার চৌধুরী জানান, এ বছরই তিনি ‘পিকনিক’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন নবাগত এবিএম সুমন ও জন। সুমন এবং জন দুজনেই র্যাম্প মডেল। এ সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও নিজেই লিখবেন ইফতেখার। পরবর্তী সিনেমাগুলোতে নতুন মুখকেই প্রাধান্য দেবেন বলে জানালেন তিনি।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





