চিত্রনায়িকা সিমন হাসান একাকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একা’র আইনজীবী জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১ আগস্ট তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর হাতিরঝিল থানায় হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৩ দিন করে ৬ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
অন্যদিকে তার আইনজীবী জামিন আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া তার বাসায় মাদকদ্রব্য পাওয়ায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা দায়ের করে।
এরপর ওইদিন সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।
এমবি





