এটি নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ২৫ জুন মুক্তি পাবে প্রতীক্ষিত সিরিজটি। মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর টানটান উত্তেজনার ট্রেইলার।

ট্রেইলারজুড়ে উঠে এসেছে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। আর সেই অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্প। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ, যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে তুলবে।

চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এ অভিনেতা বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে শক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এ ধরনের বহুস্তরীয় বা লেয়ারড চরিত্র সবসময়ই আমাকে দারুণভাবে আকৃষ্ট করে।’

তিনি আরো যোগ করেন, ‘শুধু চরিত্র নয়, হেডলাইন-এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।’

এই সিরিজের আরেকটি বড় চমক হচ্ছে আফসান আরা বিন্দু। ‘হেডলাইন’-এর মাধ্যমে দীর্ঘ তিন বছর পর ওটিটির পর্দায় প্রত্যাবর্তন করছেন এই লাক্স তারকা। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই এমন একটি শক্তিশালী প্রজেক্টে যুক্ত হতে পেরে বিন্দু ভীষণ উচ্ছ্বসিত এবং সিরিজটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তারকাবহুল এই সিরিজে অপূর্ব ও বিন্দু ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানীসহ আরো অনেকে। সাংবাদিকতা আর অপরাধের এ জটিল সমীকরণ ওটিটিপ্রেমীদের মাঝে নতুন এক উন্মাদনা তৈরি করবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এমএম