আগামী বছরের ৯ জানুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সাফি উদ্দিন সাফি পরিচালিত অ্যাকশান ঘরনার ছবি ‘ওয়ার্নিং’। ম্যাপল ফিল্ম প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহি।

প্রতিটা ছবিতে ভিন্ন ভিন্ন রূপে হাজির হয়ে দর্শকদের চমকে দেন আরিফিন শুভ। সে ধারাবাহিকতায় ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। এর মধ্যে সালসা নৃত্যের পোশাক ও হিপ্পি লুকে দুটি ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। 

ছবির কাহিনী আবর্তিত হয়েছে এক র্দুধর্ষ এক অপহরণকারী জিসানকে নিয়ে। জিসান চরিত্রে থাকছেন আরিফিন শুভ। এদিকে অপরাধী জিসানের পিছু নেয় অপরাধ বিষয়ক সাংবাদিক তৃণা। তৃণা চরিত্রটি রূপদান করেছেন মাহি। পরিচালক সাফি কাহিনী সম্পর্কে এইভাবেই জানালেন।

মাহি ও শুভ ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, মিশা, বিপাশা, শিমুল খান ও শিবা শানু। ছবিতে মোট গান থাকছে ৬টি। শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন কনা, ন্যান্সি, দিনাত জাহান মুন্নি, রুমা, রুপম, তাসিফ আহমেদ,শাফিন আহমেদ এবং গুরুখ্যাত জেমস।

‘বড় কষ্ট কষ্ট লাগে এই অন্তরে’ শিরোনামের গানটির মাধ্যমে অনেক দিন পর বড় পর্দায় জেমসের গান শোনা যাবে। ছবিটির ‘পাগলের মতো ভালোবাসি তোমায়/ভেব না তো পাগল’ শিরোনামের গানটিতে কণ্ঠ  দেওয়ার মাধ্যমে প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। 

জেআই