অবশেষে পূর্ব ধারণা অনুযায়ী রেকর্ড যাত্রা শুরু করেছে বলিউড সুপারষ্টার সালমান খান অভিনীত ''বাজরাঙ্গি ভাইজান'' ছবিটি।
শুক্রবার ১৭ জুলাই চাঁদ রাতে মুক্তি পেয়ে প্রথম দিনে সিনেমাটি উঠিয়ে নিয়েছে ২৭ কোটি ২৫ লাখ রুপি। জানা গেছে শুধু চলতি বছরের রেকর্ড নয়, নিজের ঈদ রেকর্ডও ভেঙ্গেছেন সালমান। গত বছর ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া সালমান খানের ''কিক'' ছবির আয় (২৬ কোটি ৪০ লাখ রুপি) কে ছাড়িয়ে গেছে ''বাজরাঙ্গি ভাইজান''।
আর এর মধ্য দিয়ে ''বাজরাঙ্গি ভাইজান'' সালমানের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের সিনেমায় পরিণত হয়েছে। ভারতজুড়ে সাড়ে চার হাজার হলে মুক্তি পেয়েছে কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’।
বিশ্লেষকরা জানিয়েছেন, বেশিরভাগ হলের ৯০-৯৫ শতাংশ টিকেট বিক্রি হয়েছে প্রথম দিনেই। ধারণা করা হচ্ছে, তিন দিনের আগেই ১০০ কোটি ছাড়াবে ''বাজরাঙ্গি ভাইজান'' এর আয়। প্রথম দিনের আয়ের হিসাবে এটি আমির খানের ''পিকে''কেও হারিয়েছে।
এদিকে সালমানকে নিয়ে এই উন্মাদনার সুযোগে টিকেটের দামও বাড়িয়ে দিয়েছেন পরিবেশকরা। এক পাকিস্তানি শিশুর ভারতে হারিয়ে যাওয়া এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এক ভারতীয় যুবকের অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সালমান ক্যারিয়ারের সেরা অভিনয় বলে মনে করা হচ্ছে। চলতি বছরের মে মাসে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় ৫ বছরের কারাদণ্ড পাওয়ার পর এটি সালমানের মুক্তি পাওয়া প্রথম সিনেমা, তাই দর্শকের আগ্রহ ছিল আরও বেশি।
ইআর





