সপ্তাহখানেক আগে পাকিস্তানের সঙ্গে নরকের তুলনা টেনেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তিনি বলেছিলেন, ‘পাকিস্তানে যাওয়া নরকযাত্রার সমান।’
তবে সম্প্রতি সার্কের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে পাকিস্তান ঘুরে এসে কর্নাটকের অভিনেত্রী এবং কংগ্রেসের প্রাক্তন এমপি রামাইয়া বলেছেন, ‘আমি সম্মানের সঙ্গে বলছি, ‘পাকিস্তান নরকের সমান’। এ মন্তব্যের সঙ্গে একমত হতে পারছি না। পাকিস্তান কোনও নরক নয়। ওখানকার মানুষও আমাদের মতোই। ওরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন।’
এরপরই শুরু হয়েছে বিতর্ক। তার এই মন্তব্য নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। রামাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ঠুকেছেন কর্নাটকেরই এক আইনজীবী কে ভি গৌড়া। যার শুনানি ২৭ অগস্ট।
এবার তার গাড়িকে লক্ষ্য করে ডিম ছুড়ল কিছু বিক্ষোভকারী। বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে। পাকিস্তান প্রসঙ্গে রামাইয়ার ‘বিরূপ’ মন্তব্যের জেরেই এমনটা করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক শিবিরের একাংশ। বিজেপি এবং এবিভিপির কর্মীরা তার মন্তব্যকে ‘ভারত-বিরোধী’ দাবি করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। যদিও এত সমালোচনার মধ্যেও রামাইয়া জানিয়েছেন, তিনি মাথা নোয়াতে রাজি নন।
এসএ





