দীর্ঘ প্রায় ছয় বছর আগে রিয়াজ ও তারিন সর্বশেষ একই নাটকে অভিনয় করেছিলেন। সম্প্রতি আবারো তারা জুটি বেঁধে অভিনয় করলেন একটি নাটকে।

নাটকের নাম ‘তেল’। এর নির্দেশনায় রয়েছেন আবু রায়হান জুয়েল। রচনায় আশরাফুল চঞ্চল। রাজধানীর গেণ্ডারিয়ার দীননাথ সেন রোডের একটি বাড়িতে শনিবার নাটকটির শুটিং শেষ হওয়ার কথা।

নাটকে রিয়াজ অভিনয় করেছেন আলী হোসেন চরিত্রে। আর তারিন তার স্ত্রী। আলী হোসেনের অভাবী সংসার। একটি অফিসের কেরানি সে। স্ত্রী, সন্তানের নানা আবদার বেশির ভাগ সময়ই তার পক্ষে পূরণ করা সম্ভব হয় না।

রিয়াজ বলেন, ‘অনেক নাটকেই কাজ করেছি। খুব কম নাটকেরই স্ক্রিপ্ট মনে দাগ কাটে। এই নাটকের গল্পটা আমার মনে দাগ কেটেছে। তারিনের সঙ্গে অনেক বছর পর কাজ করলাম। খুব ভালো লাগছে। তারিন উঁচুমাপের একজন অভিনেত্রী।’

তারিন বলেন, ‘আবু রায়হান জুয়েলের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি এমন স্ক্রিপ্টই বাছাই করেন, যেখানে মেসেজ থাকে। এ নাটকেও একটা মেসেজ আছে। আমি রেবেকা চরিত্রে অভিনয় করছি। রিয়াজ ভাই সহশিল্পী হিসেবে সব সময়ই সহযোগীপরায়ণ।’

নির্মাতা সূত্র জানিয়েছে, নাটকটি আগামী ঈদে প্রচারের লক্ষ্যে নির্মাণ হচ্ছে।

উল্লেখ্য, ২০০১ সালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুক্তিযুদ্ধে বীরত্বগাঁথা নিয়ে নির্মিত জীবনীচিত্র ‘অগ্নিবলাকা’য় প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন রিয়াজ-তারিন। স্কোয়াড্রন লিডার মাহমুদ ইকবালের (অব.) তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছিলেন আবদুল্লাহ রানা। রিয়াজ অভিনয় করেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চরিত্রে এবং তারিন তার স্ত্রী মিলি রহমানের চরিত্রে।

এআর