পরিচালক মাসুদ সেজান বানিয়েছেন একটি সার্কাস দল। আর সে দলের প্রধান পারফর্মার মোশাররফ করিম ও মৌটুসী বিশ্বাস! অবিশ্বাস করার কিছুই নেই কারণ মাসুদ সেজান পরিচালিত ধারাবাহিক নাটক 'চলিতেছে সার্কাস' এর মূল কাহিনী গড়ে ওঠেছে এদেরকে ঘিরেই।
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে নাটকটির। প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হয় নাটকটি। এর মধ্যেই আট পর্ব প্রচারিত হয়ে গেছে। আর এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে নাটকটি।
এ প্রসেঙ্গ মাসুদ সেজান বলেন, 'এর আগে আমার পরিচালনায় রেড সিগনাল ও লং মার্চ ধারাবাহিক দুটি বেশ দর্শকপ্রিয়তা পায়। এরপর এই নাটকটি বানিয়েছি। আগের দুটোর চেয়েও এটার রেসপন্স ভালো পাচ্ছি।'
তিনি আরও বলেন, 'আমাদের চারপাশে বাস্তবেই চলছে নানা ধরনের সার্কাস। আমরা সেগুলো দেখার পাশাপাশি নিজেদের অজান্তেই সঙ সেজে ঢুকে যাচ্ছি সার্কাসের ভেতরে । পরিবার ও তার আশপাশের মানুষের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিজীবনের অদ্ভুত সব প্রবণতাগুলো এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।'
ইআর





