আজ বিশ্বজোড়া তার জনপ্রিয়তা অনেকের ঈর্ষার কারণ, সকলের কাছে আজ তিনি ভাইজান। কিন্তু এমন একটি দুঃসময় এসেছিল যে এই সুপারস্টারের জীবনে যখন বিলাসবহুল জীবন ফেলে একজন আসামী হিসেবে জেলখানার ভেতর কেমন করে দিন কাটিয়েছেন সালমান?

ভক্তদের সে কৌতুহল এবার বুঝি মিটবে, কারণ যোধপুর কারাগারের কয়েদী নম্বর ২১০-এর গল্প দেখা যাবে সিনেমায়। হ্যাঁ বলিউড সুপারস্টার দাবাং হিরোখ্যাত সালমান খানের কারাবাসের দিনগুলো এবার উঠে আসবে রূপালী পর্দায়। ইতোমধ্যেই শুরু হয়েছে ‘কয়েদী নম্বর ২১০’-এর শুটিং।

এই বিষয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলেছে, কারাগারে সালমানের দিনগুলোর স্মৃতি নিয়ে সিনেমা তৈরি করছেন ‘মুম্বাই ক্যান ড্যান্স সালা’ খ্যাত পরিচালক রঞ্জিত শর্মা।

১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় যোধপুরে দুর্লভ জাতের হরিণ শিকার করার অভিযোগে মামলা হয় সালমানের বিরুদ্ধে। চিংকারা হরিণের শিকার ভারতে নিষিদ্ধ।

২০০৬ সালে এই মামলাকে কেন্দ্র করে সালমানকে এক বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর হাইকোর্টে আপিল করেন সালমান, সেখানে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৭২ ঘণ্টা কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে আসেন সালমান।

কারাগারে কাটানো সালমানের এই ৭২ ঘণ্টার অভিজ্ঞতা নিয়ে নির্মিত হবে ‘কয়েদী নম্বর ২১০’। এতে আরও অভিনয় করবেন মহেশ সাইনি নামের এক ব্যক্তি, যিনি সালমানের সঙ্গে ছিলেন কারাগারের একই প্রকোষ্ঠে।

ফিল্মিস্তান স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১৬ই ফেব্রুয়ারি।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, সিনেমাটির শুটিং শুরু হবার কথা ছিল আরও আগে। কিন্তু সালমানের সঙ্গে এ বিষয়ে বনিবনা না হওয়ায় আটকে যায় কাজ।

২৫শে ফেব্রুয়ারি শুনানি হবে সালমানের এই মামলার, সেদিন আদালতে উপস্থিত থাকবেন তিনি নিজে। সিনেমাটির নির্মাতা রঞ্জিত জানান, সেদিন আদালতে কিছু দৃশ্য ধারণ করার ইচ্ছা আছে তার। এছাড়া শুটিং হবে যোধপুর কারাগারে, যেখানে বন্দী ছিলেন সালমান।

সূত্র বলছে, এখনও এই সিনেমাটির খবর জানেন না সালমান।

রঞ্জিত আরও বলেন, “এটি কোন বায়োপিক নয়, তাই আমার কারও অনুমতির দরকার নেই। এখানে অভিনয় করবেন উসমান খান, যিনি দেখতে অনেকটা সালমানের মত। এছাড়া আমি দুজন অভিনেত্রীকে নেবো ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফের চরিত্রে অভিনয় করার জন্য। আমি সালমানকে খুব পছন্দ করি, আমার সিনেমায় তাকে নিয়ে কোনোভাবেই নেতিবাচক কিছু দেখানো হবে না।”

তবে এখনও সিনেমাটির বাকি কলাকুশলীদের ব্যাপারে কিছু জানাতে রাজি হননি তিনি।

জেআই