কয়েকদিন আগে সঞ্জয়লীলা বনসালির বিখ্যাত সিনেমা ‘দেবদাস’ ১৩ বছর পার করল। তা নিয়ে সঞ্জয় ভক্তদের মাতামাতিও ছিল দেখার মতো। এর কয়েকদিন পরই প্রকাশ হল অতি প্রতীক্ষিত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র ফার্স্ট লুক। এতে উঠে এসেছে সিনেমাটির প্রধান তিন চরিত্র রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।
প্রযোজনা প্রতিষ্ঠান এরস বুধবার দুপুরে টুইটারে তিন তারকার ফার্স্ট লুক প্রকাশ করে।
ফার্স্ট লুক আবারও জানিয়ে দিল সঞ্জয়লীলা মানেই জমজমাট কিছু৷ প্রতি ফ্রেমে পাওয়া যায় নান্দনিকতার ছোঁয়া৷ ‘দেবদাস’ ও ‘রামলীলা’র মতো সিনেমায় দিয়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি৷ সেই ঘরানারই নতুন সংযোজন ‘বাজিরাও মাস্তানি’৷ আকর্ষণীয় ফার্স্ট লুকেও তা ফুটে উঠেছে৷
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে এর আগে সঞ্জয়ের ‘রাম লীলা’য় দেখা গেছে৷ সে সিনেমার আইটেম গানে পারফর্ম করেছিলেন প্রিয়াঙ্কা।
তবে তাদেরকে একদম অন্যভাবে দেখা যাবে নতুন এ পিরিয়ড ড্রামায়। এখানে রণবীরকে দেখা যাবে ঐতিহাসিক চরিত্র মারাঠা যোদ্ধা পেশোয়ার বাজিরাওয়ের ভূমিকায়৷ এ চরিত্রে সঞ্জয়ের প্রথম পছন্দ ছিলেন সালমান খান।
প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাঈয়ের চরিত্রে। সম্প্রতি এ অভিনেত্রী শেষ করেছেন এ্যাকশন ধাঁচের সিনেমা ‘গঙ্গাজল ২’ এর শুটিং।
এর কয়েকদিনের মাথায় একদম অন্যরকম আরেকটি সিনেমার টিমে যুক্ত হলেন। এ নিয়ে তিনি কয়েকদিন আগে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। কাশীবাঈ চরিত্রে সঞ্জয় চেয়েছিলেন রাণী মুখার্জীকে।
অন্যদিকে দীপিকাকে দেখা যাবে বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী মাস্তানির চরিত্রে৷ এ চরিত্রে প্রথম অফার দেওয়া হয় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। কিন্তু মূল ভূমিকায় সালমান থাকায় তিনি ফিরিয়ে দেন।
পরে কারিনা কাপুরের অভিনয়ের কথা ছিল। শেষে এসে শিকে ছিড়ল দীপিকার। চলতি বছর মুক্তি পেয়েছে দীপিকার হিট সিনেমা ‘পিকু’। যেখানে তাকে আধুনিক বাঙালী তরুণীর ভূমিকায় দেখা যায়।
‘বাজিরাও মাস্তানি’তে ঐতিহাসিক আখ্যানকে সমসাময়িক করে তুলেছেন সঞ্জয়৷ এক দশক আগে তিনি সিনেমাটির পরিকল্পনা করেন সালমান-ঐশ্বরিয়া-রাণীকে নিয়ে। কিন্তু নানা কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে চলতি বছর সিনেমাটির নির্মাণ শুরু হল।
‘বাজিরাও মাস্তানি’ মু্ক্তি পাবে চলতি বছরের১৮ ডিসেম্বর৷ একইদিন মুক্তি পাচ্ছে শাহরুখ খান-কাজ অভিনীতি ও রোহিত শেঠি পরিচালিত অতি প্রতিক্ষীত সিনেমা ‘দিলওয়ালে’৷
এর আগেও শাহরুখের ‘ওম শান্তি ওম’ ও সঞ্জয়ের ‘সাওয়ারিয়া’ মুক্তি পেয়েছিল একসঙ্গে৷ সেবার হাসি ফুটেছিল কিং খানের মুখে৷ ফ্লপ করেছিল রণবীর কাপুর ও সোনম কাপুরের অভিষেক সিনেমাটি। অন্যদিকে ‘ওম শান্তি ওম’ এর নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন।
পরিচালনার পাশাপাশি ‘বাজিরাও মাস্তানি’র প্রযোজনা ও সঙ্গীত পরিচালনাও করছেন সঞ্জয়লীলা বনসালি। এর আগে ‘রামলীলা’র সব গানই তৈরি করেন তিনি। যার কিছু গান বেশ প্রশংসা পেয়েছিল।
এমকে





