মরমী শিল্পী আবদুল আলীমের ৪০তম মৃত্যুবার্ষিকী ৫ই সেপ্টেম্বর। তার মেয়ে নূরজাহান আলীম এই উপলক্ষে বাবাকে শ্রদ্ধা জানিয়ে একটি মিউজিক ভিডিও বানিয়েছেন। তার প্রথম একক অ্যালবাম ‘মাঝি’ ‘তুই যে আমার মনের পাখি’ গানটি নিয়ে ভিডিওটি নির্মিত হয়েছে। অ্যালবামটি সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হবে।

আবদুল আলীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে মিউজিক ভিডিওটি ছাড়া হবে। পরদিন সকালে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ‘মাঝি’ অ্যালবামের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতীক হাসান। লিখেছেন ও ভিডিওটির নির্দেশনা দিয়েছেন জিয়াউদ্দিন আলম।

অ্যালবামে গান রয়েছে মোট সাতটি। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, রবিউল ইসলাম জীবন, এ মিজান, সেজুল হোসেন, জিয়াউদ্দিন আলম। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ, নাজির মাহমুদ, পংকজ ও মুশফিক লিটু।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই