বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন আজ। দিনটি কেন্দ্র করে নানা আয়োজন হাতে নেয়া হয়েছে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনায়। কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হবে প্রয়াত এ নায়িকার জন্মদিনের উৎসব।
জন্মদিন উপলক্ষে আজ থেকে পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হয়েছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আজ সন্ধ্যা থেকে পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকছে আলোচনা অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। প্রথম দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার আলমগীর কবিরের উপস্থিত থাকার পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, যুগ্ম মহাসচিব এসএ হক অলিক উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, অভিনেতা নিরব ও অভিনেত্রী তানহা।
১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার গোপালপুরে হেমসাগর লেনে মহানায়িকার জন্ম। হেডমাস্টার বাবা করুণাময় দাশগুপ্ত আর মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান তিনি। স্বপ্নের নায়িকা সুচিত্রার আসল নাম রমা দাশগুপ্ত। বাবা ডাকতেন ‘কৃষ্ণা’ নামে। পড়াশুনা করেছেন পাবনাতে। সাংস্কৃতিক আবহেই বেড়ে ওঠেছেন তিনি। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তীব্র আকর্ষণ ছিল।ত্রিশ বছরেরও বেশি সময় ধরে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখার পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন এই মহানায়িকা।
এআই





