বিতর্কিত ম্যাগি নুডুলসের পণ্যদূত হওয়ার কারণে কিছুদিন আগে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন মামলার মুখে পড়ার পর, সম্প্রতি আবারো তিনি মামলার গ্যাড়াকলে পড়েছেন। এবার অবশ্য তার ছেলে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও মামলায় পড়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের বিরুদ্ধে সম্প্রতি গাজিয়াবাদ আদালতে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন চেতন ধীমান নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, অ্যাডিলেডে বিশ্বকাপ ক্রিকেটের ভারত-পাকিস্তানের ম্যাচের সময় বলিউড তারকা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন অশালীনভাবে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রেখেছিলেন। এতে করে জাতীয় পতাকার অবমাননা হয়েছে।
অভিনেতাদের বিরুদ্ধে ১৯৭১ সালের প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট এবং ২০০২ সালের ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া ধারায় মামলা রুজু করা হয়েছে। দুজনকেই আদালতের সামনে হাজির হতে হবে।
ইআর





