করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার প্রধান সেলিম খান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা পজিটিভ হয়ে ০৪ ডিসেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। গতকাল (০৯ ডিসেম্বর) দুপুর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ সেটিও আর কাজ করছিল না।
তিনি বলেন, “বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে সেলিম ভাইদের অবদান সিংহভাগ। তার মতো মানুষদের মেধা, অর্থ, শ্রমের বিনিময়ে আজকের এই বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে। তার এই অকালে চলে যাওয়া আমাদের অনেক ক্ষতির কারণ হলো। দোয়া করি, সেলিম ভাই যেখানেই থাকুক, ভালো থাকুন।”
সংগীতার সিইও রবিন ইমরান জানান, অদ্য বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজার সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্তানে দাফন করা হবে।
৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী তথা বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা অব্যাহত রেখেছে।
এমবি





