মায়ের পৈতৃক ভিটে দেখতে পাবনায় আসছেন প্রয়াত সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন ও দুই নাতনি অভিনেত্রী রাইমা ও রিয়া সেন।

মায়ের পৈতৃক বাড়ি দখলমুক্ত হওয়ার ঘটনা জানার পর দিল্লি থেকে মুনমুন সেন এ কথা জানান। তিনি বলেন, বাড়িটি উদ্ধার করায় বাংলাদেশ সরকারের প্রতি আমাদের পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতার শেষ নেই। ওই বাড়িতে মায়ের নামে সংগ্রহশালা তৈরি হচ্ছে, এতে আমার ও দুই বাংলার সুচিত্রা অনুরাগীরা- সবাই খুবই খুশি ও কৃতজ্ঞ।

শুটিং থেকে দুই মেয়ে ফিরলে যাওয়ার দিন ঠিক করব। পাবনার সংগ্রহশালায় মায়ের কিছু ছবি এবং ব্যবহৃত সামগ্রী দেওয়ার ইচ্ছা আছে। সংগ্রহশালা নির্মাণ শুরুর আগেই পাবনা যাওয়ার চেষ্টা করছি।

সুচিত্রার ডাক নাম রমা। তবে স্কুলে তার নাম ছিল কৃষ্ণা। পড়তেন পাবনা বালিকা বিদ্যালয়ে। থাকতেন পাবনা শহরের গোপালপুরের হেমসাগর লেনে। দশম শ্রেণীতে পড়াকালীন রমার বিয়ে হলে কলকাতায় চলে যান।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই