শনিবার (২৯ আগস্ট) বিকেলে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নিহত জামশেদুল ইসলাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মো. নজরুল ইসলামের ছেলে।
নিহতের ভাগ্নে মো. জোবায়েত জানান, গত ১৬ আগস্ট আবুধাবির মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় নির্মাণকাজে যান জামশেদুল। সেখানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় তিন বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন জামশেদুল। সেখানে নির্মাণকাজ করে পরিবারের জন্য অর্থ পাঠাতেন তিনি।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্থানীয় পরিবেশ।
নিহতের দুলাভাই ইসহাক মিয়া জানান, এ সপ্তাহের মধ্যে জামশেদুলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এস