আফ্রিকার কয়েকটি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলার মতোই এক ধরনের ভাইরাস সংক্রমণের চিকিৎসা নিয়ে গবেষণায় সাফল্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানীরা। টেক্সাসে গবেষকরা ইবোলার কাছাকাছি এবং তার চেয়েও বিপজ্জনক ভাইরাস ম্যারবার্গে আক্রান্ত বানরকে একটি ওষুধ প্রয়োগের মাধ্যমে সুস্থ করতে সক্ষম হয়েছেন। একই পদ্ধতিতে ইবোলার চিকিৎসায় কাজ করার মতো ওষুধ তৈরির প্রক্রিয়া এগিয়ে চলার মুহূর্তে গবেষণায় এমন সাফল্য পাওয়া গেল। এতে ইবোলার চিকিৎসায় বড় সাফল্য আসবে বলে আশা করা হচ্ছে।

গবেষকরা প্রথমে ২১টি বানরকে ম্যারবার্গ ভাইরাস দিয়ে আক্রান্ত করেন। বানরগুলোর দেহে রোগের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠায় ওষুধ প্রয়োগ করার পর ১৬টি বানর সুস্থ হয়ে ওঠে। কিন্তু চিকিৎসা না করায় অন্য ৫টি বানর এক সপ্তাহের মধ্যে মারা যায়। স্মল ইন্টারফেয়ারিং আরএনএ নামের জিনগত উপাদান রয়েছে এই ওষুধে। পরীক্ষামূলক এই ওষুধ ভাইরাসের বংশবৃদ্ধির ক্ষমতা নষ্ট করে দেয়। মৃত্যুর সাক্ষাৎ কারণ ইবোলা ভাইরাস বর্তমানে আতঙ্ক সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। বিদেশফেরত নাগরিকদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে অনেক দেশ। এ বছর এ পর্যন্ত ১৩৫০ জন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে, যার বেশিরভাগই গিনি, নাইজেরিয়া ও সিয়েরালিওনে। সূত্র : এপি, এএফপি।

ঢাকা, টাইমনিউজবিডি.কম, কেএইচ