ঢাকার বাতাসে ক্ষতিকর পদার্থ পরিমাণে বেশি। ফলে শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো ফুসফুসের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আগামী মঙ্গলবার থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস-সিয়েরোর উদ্যোগে ১১ দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠানের প্রাক্কালে আজ রোববার ‘মিডিয়া ওয়ার্কশপে’ বিশেষজ্ঞরা সার্ভে রিপোর্টের ভিত্তিতে এসব তথ্য প্রদান করেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিনের (নিপসম) সহকারী অধ্যাপক ডা. মঞ্জুরুল হক খান ঢাকার বায়ু দূষণ সম্পর্কে বলেন, ঢাকার বাতাসে পিএম-১০, পিএম-২.৫, কার্বন মনোক্সাইড, সিসা, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড পরিমাণে অনেক বেশি।

এর কারণ হিসেবে তিনি বলেন, ঢাকায় অনেক পুরনো গাড়ি চলাচল করে। পুরনো গাড়ি জ্বালানি পুরোপুরি পোড়াতে পারে না। ক্ষতিকর পদার্থগুলো বাতাসে ছেড়ে দেয়। আবার রাজধানী ঢাকার আশপাশের ইটভাটাগুলো থেকে বাতাসে ক্ষতিকর পদার্থগুলো চলে আসছে।

অধ্যাপক মঞ্জুর আহমদ বলেন, এসব ক্ষতিকর পদার্থ কেবল রোগই বাড়িয়ে দেয় না, এগুলো শিশুদের বৃদ্ধি বিকাশে বাধা হয়ে দাঁড়ায়, অকালে গর্ভপাত ঘটে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ