বলতে গেলে সবাই গরুর গোস্ত খেতে পছন্দ করেন। আর কোরবানীর ঈদে তো বাড়িতেই গরুর গোস্ত থাকে। তাই খাবারে ভিন্নতা আনতে রান্না করুন গরু গোস্তের বিভিন্ন পদ। এবার জেনে নিন গরু গোস্তের বিশেষ দুই পদ-

গরুর ঝাল ভুনা

উপকরণ:

গরুর গোস্ত ১ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ প্রয়োজনমতো, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, শুকনা মরিচ ১০-১২টা, সয়াবিন তেল পৌনে ১ কাপ।

প্রণালি:

আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে মাংস আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে এবং শুকনা মরিচ ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে মাখানো গোস্ত দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। প্রয়োজনে অল্প গরম পানি দিতে হবে। সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা ও শুকনা মরিচ গুঁড়া করে দিতে হবে। ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

গরুর কালো ভুনা

উপকরণ :

গরু গোস্ত ১ কেজি, তেল ১ কাপ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, এলাচ, দারুচিনি ৩টা/৪টা, তেজপাতা ২টা, লবঙ্গ, গোলমরিচ ৩টা/৪টা, লবণ পরিমাণমতো, পিঁয়াজ কুচি মোটা করে ১ কাপ, পানি পরিমাণমতো।

প্রণালি :

গোস্ত মাঝারি আকারে কেটে ধুয়ে পানি ঝরাতে হবে, তারপর একটা পাত্রে মাংসের সব মসলা দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে গোস্তের ওপর তেল উঠে গেলে আবার ২/৩ কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। এরপর আরেকটি পাত্রে তেল দিয়ে অল্প তাপে গোস্ত কালো করে ভাজতে হবে। কালো হয়ে গেলে গোস্ত নামিয়ে পরিবেশন করুন ইচ্ছামত।

এমএ