উচ্চ চর্বিযুক্ত খাবার নারীর চেয়ে পুরুষের জন্য বেশি ক্ষতিকর। এ ধরণের খাবার পুরুষের মস্তিস্কে ব্যাপক প্রদাহ সৃষ্টি করে। যেক্ষেত্রে নারীর মস্তিস্ক হর্মোন দ্বারা সুরক্ষিত থাকে। নতুন একটি গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর প্রেস টিভির।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম মেডিকেল সেন্টারে গবেষকরা দু’দলে বিভক্ত নারী ও পুরুষ ইদুরের একটি দলকে স্বাভাবিক খাবার এবং অন্য দলটিকে ৪২ ভাগ চর্বিযুক্ত খাবার দিয়ে পর্যবেক্ষণ করেছেন।

গবেষণা দলের প্রধান ড. ডেবোরা ক্লেগ জানান, উচ্চ চর্বিযুক্ত খাবারে সর্করাও থাকে বেশি, যা মানুষের জাঙ্কফুড বা কম পুষ্টির খাবারের সঙ্গে পরস্পরসম্পর্কযুক্ত। এ খাবার একটি বার্গার ও একটি কেকের মতোই সুস্বাদু।

জীবকোষ প্রতিবেদনে প্রকাশিত গবেষণা মতে, ষোল সপ্তাহ পরে গবেষকরা চর্বিযুক্ত খাবার খাওয়া নারী ইদুরের মস্তিস্কে প্রদাহের চিহ্ন না পেলেও পুরুষ ইদুরের মস্তিস্কে প্রদাহের চিহ্ন পেয়েছেন।

ডেবোরা আরও জানান, ‘পুরুষের মস্তিস্কে আমরা বেশি পামিটক অ্যাসিড পেয়েছি। এতে সিরামাইড এর মাত্রাও ছিল সর্বোচ্চ। এবং পুরুষের মস্তিস্কে লাইনোলেইক অ্যাসিড সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল কিন্তু নারীর মস্তিস্কে ছিল বেশি’।

গবেষণায় প্রাপ্ত তথ্য মানুষের ওপর প্রযোজ্য হবে কিনা তা জানতে দলটি আরও ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে। মানুষের ক্ষেত্রেও যদি একই ফলাফল পাওয়া যায়, তবে নারী ও পুরুষের খাদ্যভ্যাসের ব্যাপারে জরুরি ভিত্তিতে কিছু বাস্তবিক পদক্ষেপ নিতে হবে।

এআর