পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে খুব বেশি যুক্তি-তর্কে জড়াবেন না, তাহলে অকালেই ঝরে যেতে পারে এই সুন্দর জীবনটি। এমনটিই দাবি করেছেন ডেনমার্কের একদল গবেষক। খবর বিবিসি'র।
যেসব কারণে অকাল বয়সে বা যৌবনেই মৃত্যু হতে পারে সেসব বিষয় নিয়ে গবেষণাটি চালানো হয়েছে।
গবেষকেরা দাবি করেছেন, কাছের এসব মানুষজনের সাথে খুব ঘন ঘন যুক্তি-তর্কে জড়ালে যৌবনেই পরলোক গমনের আশঙ্কা রয়েছে।  
'এপিডিমিওলজি এন্ড কমিউনিটি হেলথ' নামক জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণায় আরো জানানো হয়েছে,  যেসব মানুষ কাজ করেন না, অলস সময় কাটান তারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। অর্থ্যাৎ তারা অকালেই বিদায় নিতে পারেন এই পৃথিবী থেকে।
মৃত্যুঝুঁকির আরেকটি কারণ 'দুশ্চিন্তা'। তাছাড়া পরিবারের ঘনিষ্টজনদের চাহিদা পূরণ করার সাথেও মৃত্যুঝুঁকির একটি সম্পর্ক খুজে বের করেছেন গবেষকরা।
একজন মানুষের ব্যক্তিত্ব এবং চাপ সামাল দেয়ার ক্ষমতার সাথে অবশ্য এই ঝুঁকি মোকাবেলায় অবদান রাখতে পারে। ব্যক্তিত্বের সংঘাতে এমন কারও হস্তক্ষেপ অকাল মৃত্যুর ঝুঁকি কমাতে পারে, যিনি এই সংঘাতের সাথে জড়িত নন, অর্থ্যাৎ সংঘাতের বাইরের লোক।  
গবেষণাটি চালিয়েছে ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একদল গবেষক। গবেষণায় তারা দেখিয়েছেন, যেসব নারী-পুরুষ ঘন ঘন যুক্তি-তর্কে লিপ্ত হন তাদের মৃত্যুর ঝুঁকি স্বাভাবিকের চেয়ে দুই বা তিনগুণ বেশি। তবে, এর পিছনের কারণগুলোর ব্যাখ্যা দিতে পারেননি গবেষকরা।  
এর আগের বিভিন্ন গবেষণায় দেখানো হয়েছে, যেসব মানুষ উচ্চমাত্রার দুশ্চিন্তায় ভোগেন, পরিবারের সদস্যদের চাওয়া-পাওয়া মিটানোর চাপে থাকেন এবং পরিবারের সদস্যদের সাথে প্রায়ই তর্কে লিপ্ত হন তারা উচ্চমাত্রার হার্টের সমস্যায় ভোগেন ও স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। তবে, এবারই প্রথম সরাসরি মৃত্যুঝুঁকির ব্যাপারটি গবেষণায় উঠে আসলো।
অতীতের গবেষণাগুলো এটাও দেখিয়েছে যে, একটি ভালো সামাজিক সহায়তা, শুভাকাঙ্খীদের ইতিবাচক ভূমিকা মানুষের স্বাস্থ্যের উপর একটি ভাল প্রভাব ফেলে। তবে, এক্ষেত্রে মানুষের ব্যক্তিত্বের প্রভাবও ব্যাপক। ব্যক্তিত্বই নির্ধারণ করে একজন মানুষ কীভাবে সামাজিক অবস্থা ও সম্পর্কগুলো মোকাবেলা করবেন।
বর্তমান গবেষণায় মৃত্যুঝুঁকির কারণ হিসেবে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, এ দুটি কারণকে দেখানো হয়েছে। মানসিক চাপ থেকেই এসব সমস্যার সূত্রপাত হয়। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]