মাতৃদুগ্ধ পানকারী শিশুদের বুদ্ধিমত্তা (আইকিউ) অন্য শিশুদের থেকে বেশি বলে এক গবেষণায় জানা গেছে। যেসব শিশু পর্যাপ্ত মাতৃদুগ্ধ পান করে ভবিষ্যতে তারা অনেক বেশি বুদ্ধিমত্তার অধিকারী হয়। ব্রাজিলের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।

ব্রাজিলে প্রায় ৩৫০০ শিশুর উপর চালানো গবেষণা থেকে এ তথ্য জানা যায়। এই গবেষণার পর গবেষকরা শিশুদেরকে মাতৃদুগ্ধ পান করানোর উপর গুরুত্বারোপ করেছেন।

গবেষণা পত্রটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বিখ্যাত স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানচেট গ্লোবাল হেলথে। যদিও শুধু মাতৃদুগ্ধ নয়, আরও বেশ কিছু কারণ রয়েছে যেগুলো শিশুদের বুদ্ধিমত্তা নির্ধারণে ভূমিকা রাখে। যেমন- মায়ের শিক্ষাগত যোগ্যতা, পরিবারের আয় এবং জন্মের সময় শিশুর ওজনও বুদ্ধিমত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবক। কিন্তু গবেষণায় এই বিষয়গুলো এড়িয়ে গেছেন গবেষকরা।

গবেষণাটি পরিচালনা করেন ব্রাজিলের পেলোতাস ইউনিভার্সিটির অধ্যাপক ড. বার্নার্ডো লেসা হোর্তা। সমাজের বিভিন্ন শ্রেণীর শিশুদের মধ্যে এ গবেষণা পরিচালনা করা হয়। শিশুদের মধ্যে ছিল এক মাসের কম বয়সী ও এক বছরের বেশি বয়সী শিশুও।

মাতৃদুগ্ধে রয়েছে দীর্ঘমেয়াদী সম্পৃক্ত ফ্যাটি এসিড, যা মস্তিষ্কের উন্নয়নে অত্যাবশ্যক। তবে, এই গবেষণাটি পরিপূর্ণ নয় বলে অনেক সমালোচক দাবি করেছেন। তারা বলছেন, বুদ্ধিমত্তার সাথে মাতৃদুগ্ধের সম্পর্ক জানার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এই গবেষণার মাধ্যমে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এমএ