প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতারের জমি ও স্থাপনার দলিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের কাছে হস্তান্তর করেছেন।
গতকাল মঙ্গলবার দুুপুর ২টায় প্রধানমন্ত্রী এ দলিল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউর বর্তমান প্রশাসনের বহুমুখী কার্যক্রমের ফলে দেশের চিকিৎসাসেবা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এ প্রশাসনের আমলে গবেষণায় সাফল্যের কারণে ২০১৬ সালের ডিসেম্বরে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস প্রকাশিত জরিপে বাংলাদেশের ১১টি নেতৃত্বস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৫ম স্থান এবং বিশ্ব সেরার তালিকায় ৬৪০তম স্থান অধিকার করেছে।
এদিকে বাংলাদেশ বেতারের জমির দলিল বিএসএমএমইউকে হস্তান্তর করায় ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
এমএনজে





